‘গুলি করব আগে, পরে প্রশ্ন’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ডেনমার্কের



‘গুলি করব আগে, পরে প্রশ্ন’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ডেনমার্কের

🕒 ৮টা ২৬ মিনিট | 📅 ৯ জানুয়ারি ২০২৬
📌 আন্তর্জাতিক


আন্তর্জাতিক ডেস্ক

২ মিনিটে পড়ুন


যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালায়, তবে দেশটির সেনারা আগে গুলি চালাবে এবং পরে প্রশ্ন করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

১৯৫২ সালে প্রণীত ডেনিশ সেনাবাহিনীর একটি নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি আক্রমণ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষা না করেই হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ডেনমার্কের প্রভাবশালী সংবাদপত্র বারলিংস্কি (Berlingske) ওই নির্দেশনার বর্তমান অবস্থা জানতে চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিয়মটি এখনো কার্যকর রয়েছে।

এমন এক সময়ে এ মন্তব্য এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের আগ্রহ প্রকাশ করেছেন। ন্যাটোভুক্ত এই অঞ্চলটি অধিগ্রহণের জন্য সামরিক শক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে গ্রিনল্যান্ড অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অগ্রাধিকার।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তবে সামরিক শক্তি নয়, ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চান বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ডেনমার্ক এই বৈঠককে ‘প্রয়োজনীয় সংলাপ’ হিসেবে স্বাগত জানালেও স্পষ্ট করে জানিয়েছে, গ্রিনল্যান্ড ‘বিক্রির জন্য নয়’

ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ড ও ডেনমার্কের আঞ্চলিক অখণ্ডতা সম্মান করতে হবে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা ন্যাটো জোটের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলবে।

তবে ট্রাম্পের দাবি, চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবের মুখে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ জরুরি।

সূত্র: এনডিটিভি


Tags: আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র ডেনমার্ক গ্রিনল্যান্ড বিশ্ব রাজনীতি


© ২০২৬ সময় মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত

সময় নিউজ | সময়ের প্রয়োজনে সময়

Previous Post
No Comment
Add Comment
comment url